বিএনপির ১৫৫ নেতাকর্মীর হাইকোর্টে জামিন

বিএনপির ১৫৫ নেতাকর্মীর হাইকোর্টে জামিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় কুমিল্লার সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়া, ফেনীর সোনাগাজীর উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ চার জেলার বিএনপির ১৫৫ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিন পাওয়াদের মধ্যে কুমিল্লার লাঙ্গল কোটের ৩০ জন, ঝিনাইদহের ১০ জন, ফেনীর সোনাগাজীর ৯৬ জন ও ঠাকুরগাঁওয়ের ১৯ জন রয়েছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ আসামিদের ছয় সপ্তাহের জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

গত ২৯ আগস্ট বিকেল ৪টায় বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করে।

পরে ৩০ আগস্ট বিকেলে সোনাগাজী মডেল থানায় দুটি মামলা দায়ের হয়। মামলাগুলোর বাদী এসআই সুরজিৎ বড়ুয়া ও এসআই মাইন উদ্দিন। পৃথক মামলা দায়ের করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ অঙ্গসংগঠনের ৩৪৪ নেতাকর্মীর নামে।

এছাড়া নিত্যপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে বিএনপির ডাকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের কর্তব্য পালনে বাধাদানের অভিযোগে কুমিল্লা নাঙ্গলকোট, ঝিনাইদহ ও ঠাকুরগাঁওয়ে মামলা দায়ের করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *