লন্ডন সেন্ট্রাল মসজিদে রানির স্মরণসভা

লন্ডন সেন্ট্রাল মসজিদে রানির স্মরণসভা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাথের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মরণসভার আয়োজন করে লন্ডনের মুসলিম কমিউনিটি। লন্ডনের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত এ স্মরণসভায় নতুন রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণ উপলক্ষে তাঁকে অভিনন্দন জানানো হয়। রিজেন্ট পার্কের এ মসজিদে রানির শান্তি কামনায় এবারই প্রথম আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

বিবিসির খবরে জানা যায়, প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়েছেন মুসলিম কমিউনিটির সদস্যরা। রানির প্রয়াণে তাদের অনুভূতি প্রকাশ করতেই এই আয়োজন করা হয় বলে জানান ইসলামিক কালচারাল সেন্টারের পরিচালক ড. আহমদ আল দুবায়ান। তিনি বলেন, ‘নিজ কর্মগুণে সবার কাছে প্রিয় ছিলেন রানি এবং তার কৃতিত্ব ও অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে সবাই। তাই রানির বর্ণাঢ্য জীবনকে স্মরণ করেছেন মুসলিমরা।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাজ্যে বহু সংস্কৃতিচর্চায় অবদানের জন্য মুসলিম কমিউনিটির কাছে প্রশংসিত হন রানি। তা ছাড়া যুক্তরাজ্যকে স্বাধীনতার কেন্দ্রস্থল করে সবাইকে সেবা দেওয়ার প্রতিশ্রুতি ও নিষ্ঠার জন্য জনপ্রিয় হন তিনি।

রয়্যাল চ্যারিটির প্রথম মুসলিম প্রধান প্রিন্স ট্রাস্ট ইন্টারন্যাশনাল বোর্ডের চেয়ারম্যান শাবির রান্দেরি বলেন, ‘আমি এমন অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুবই রোমাঞ্চিত। কারণ আমি একটি মসজিদে দাঁড়িয়ে গেয়েছি ‘গড সেভ দ্য কিং’। তখন আমি অত্যন্ত গভীরভাবে রানিকে স্মরণের চেষ্টা করেছি। এ সময়টি আমার জন্য খুবই স্মরণীয় ও স্পর্শকাতর ছিল।’

তিনি আরো বলেন, ‘এটি আমাদের সবার একসঙ্গে দাঁড়ানোর একটি সুবর্ণ সুযোগ। আমরা ইতিহাসের একটি দুঃখজনক ঘটনায় শোক জানাই এবং রানির বর্ণাঢ্য জীবন ও অবদানকে স্মরণ করি। আমি মনে করি, মুসলিম কমিউনিটির জন্য এখানে আসা এবং রানির প্রয়াণে নিজেদের গভীর অনুভূতি প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ। ‘

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফিনসবারি পার্ক মসজিদের ইমাম মোহাম্মদ মাহমুদ। এ ছাড়া ফেডারেটেড হার্মিস লিমিটেডের প্রধান নির্বাহী সাকের নুসিবেহ সিবিই, প্রথম মুসলিম নারী প্রধান শিক্ষক বুশরা নাসির সিবিই ডিএল, লন্ডনের ডেপুটি লেফটেন্যান্ট এবং অলিভ প্রাইমারি স্কুল কোয়ার।

গত ৯ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। যুক্তরাজ্যের সিংহাসনে ৭০ বছর রাজত্ব করে চিরবিদায় নেন তিনি। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তার মৃত্যুতে ব্রিটিশ রাজতন্ত্রের উত্থান-পতনে ভরা একটি যুগের অবসান ঘটে। আগামীকাল ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৪৪ সালে রানি এলিজাবেথের পিতা রাজা ষষ্ঠ জর্জ আনুষ্ঠানিকভাবে লন্ডন সেন্ট্রাল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার মুসল্লিদের জন্য উন্মুক্ত করেন।

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *