পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হিজাব ঠিকমতো না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটকের পর ইরানে মাহসা আমিনির (২২) মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইরান সরকারের ক্রমাগত “হুমকি ও রক্তচক্ষু” উপেক্ষা করে দেশটির ৮০টিরও বেশি শহরে বিক্ষোভ চলছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ইরানের চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি নারী সমাবেশ হয়েছে। এই সমাবেশকে ছত্রভঙ্গ করতে তালেবান বাহিনী ফাঁকা গুলি ছুঁড়েছে বলে অভিযোগ উঠেছে।
ইরানে বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে “জীবনের স্বাধীনতা” স্লোগানকে সামনে রেখে ২৫ জন নারী আফগানিস্তানের রাজধানী কাবুলের ইরানি দূতাবাসের সামনে জড়ো হয়। পরে ফাঁকা গুলি ছুঁড়ে তালেবান বাহিনী বিক্ষোভকারী নারীদের ছত্রভঙ্গ করে দেয়।
বিক্ষোভকালীন সময়ে আফগান নারীদের ব্যবহৃত ব্যানারে লেখা ছিল, “ইরান রুখে দাঁড়িয়ে জেগে উঠেছে, এবার আমাদের পালা!” অপর আরেকটি ব্যানারে লেখা ছিল- “কাবুল থেকে ইরান, একনায়কতন্ত্রকে না বলুন!”
তবে তালেবান বাহিনী দ্রুতই ব্যানারগুলো ছিনিয়ে নিয়ে নারী বিক্ষোভকারীদের সামনে ছিঁড়ে ফেলে।
গত ১৩ সেপ্টেম্বর পোশাকবিধি না মানার অভিযোগে মাহসা আমিনিকে তেহরান থেকে গ্রেপ্তার করেছিল ইরানের নৈতিকতা পুলিশ। তিন দিন পর ১৬ সেপ্টেম্বর তার মৃত্যুর খবর জানানো হয়। তার মৃত্যুর ঘটনায় অভিযোগ ওঠে, পুলিশের নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। এরপর শুরু হয় বিক্ষোভ।
অবশ্য এই বিক্ষোভ দমাতে ইরান সরকার “কঠোর” অবস্থানে রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ বিষয়ে সংবাদমাধ্যমকে একাধিকবা বলে আসছেন, ইরানের চলমান বিক্ষোভ অগ্রহণযোগ্য।


