পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, ‘প্রবাসী বাংলাদেশিদের অগ্রাধিকার ভিত্তিতে পেনশন দেওয়া হবে।’ সম্প্রতি ইতালি সফরে গিয়ে বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।
বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত এবং তাদের সুযোগ-সুবিধা দেখতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল ইতালি সফরে রয়েছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন ড. আহমেদ মুনিরুছ সালেহীন। প্রতিনিধি দলের সদস্যরা ইতালির নাপলির পালমা কাম্পানিয়ায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন ও বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন।
এ সময় প্রবাসীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সেগুলো সমাধানের আশ্বাস দেন সচিব। এছাড়া বৈধপথে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, সাউথইস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমডি জাহাঙ্গীর কবির এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক।
উল্লেখ্য, দেশে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হতে যাচ্ছে। জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক পেনশন পাবেন। বিদেশে কর্মরত বাংলাদেশিরাও এর আওতায় থাকবেন।
পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্তির পর ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর চাঁদা দিয়ে মাসিক পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করবেন এবং চাঁদাদাতার বয়স ৬০ বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জিভূত মুনাফাসহ জমার বিপরীতে পেনশন দেওয়া হবে।
ইতোমধ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন ২০২২- এর একটি খসড়া তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়।


