পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘সৎপথে ব্যবসা-বাণিজ্য করা বর্তমান বিশ্বে খুবই কঠিন। যারা এই কঠিনের সঙ্গে লড়াই করে সৎভাবে ব্যবসা-বাণিজ্য করছেন, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে অফুরন্ত কল্যাণ।’
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে সিলেটের কানাইঘাটে ‘রফরফ অটো রাইস মিলস’ পরিদর্শনকালে এসব কথা বলেছেন শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানি (রহ.) এর সুযোগ্য নাতী, ভারতের দারুল উলুম দেওবন্দের মুফতি ও মুহাদ্দিস, আওলাদে রাসুল, সায়্যিদ মুহাম্মাদ সালমান মানসুরপুরী।
‘রফরফ’ এর জন্য বিশেষ মুনাজাত করে তিনি বলেন, দারুল উলুম দেওবন্দের সূর্যসন্তান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের শিষ্য মাওলানা আবদুল্লাহ শাকিরের এই প্রতিষ্ঠানকে মহান রব্বুল আলামিন কবুল করুন। তার ব্যবসায় বরকত দান করুণ।
সৎপথে রফরফের যাত্রা কল্যাণের হোক উল্লেখ করে সায়্যিদ সালমান মানসুরপুরী বলেন, ইনশাআল্লাহ ‘রফরফ’ এর সৎ-সাহসী ব্যবসা বিশ্বব্যাপী বিস্তৃতি লাভ করবে। নির্ভেজাল পণ্য সরবারাহের মাধ্যমে ‘রফরফ’ দ্বীনের আলো ছড়াবে।
পরিদর্শন ও মুনাজাতকালে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও রফরফ প্রধান মাওলানা আবদুল্লাহ শাকির, ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মারূফ জাকির, মুহাম্মদ মাসুদ আহমেদ, মুহাম্মদ মিজান নুরি, হজরতের সফর সঙ্গী মুফতি রশীদ মকবুল, মাওলানা শামছুদ্দিন, আতিকুর রহমান সুমন প্রমুখ।
এর আগে দুপুর ২ টায় কানাইঘাট দারুল উলুম জামিয়ায় বিশেষ বয়ান পেশ করেন আওলাদে রাসুল, সায়্যিদ মুহাম্মাদ সালমান মানসুরপুরী।
বৃটিশ পার্লামেন্টারিয়ান, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরির জন্মভূমির প্রশংসা করে তিনি বলেন, ‘কানাইঘাট আলেম-উলামার এলাকা। এই এলাকায় ফায়য ও রহমতের ফল্গুধারা প্রবাহিত। সাধারণ মানুষের জাহির দেখলেই বুঝা যায়, সবাই দ্বিনদার এবং মাদারিস ও আহলে মাদরিসের প্রতি ঘনিষ্ঠ সুসম্পর্ক রাখে। আল্লাহ তাআলা এ সিলসিলাকে কিয়ামাত পর্যন্ত মুসালসাল করুন।’
- সিলেট থেকে- আবু তালহা রায়হান


