পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে ইউক্রেনীয় যোদ্ধাদের। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, পূর্ব ইউক্রেনের দোনেৎস্কের দুটি শহর বাখমুত ও সোলেদারকে ঘিরে উভয়পক্ষের সৈন্যদের সংঘর্ষ চলছে।
চলতি অক্টোবর মাসেই দনবাসের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের পাশাপাশি খারসন এবং জাপোরিঝিয়াকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এ ঘোষণা পর থেকেই লুহানস্ক-দোনেৎস্কে যুদ্ধ তীব্র হয়েছে।
হারানো অঞ্চল পুনরুদ্ধারে রুশ বাহিনীর ওপর হামলা জোরদার করেছে ইউক্রেন। গতকাল রাতের ভাষণে জেলেনস্কি বলেছেন, দনবাসের হটস্পটগুলো সোলেদার এবং বাখমুত। যেখানে ব্যাপক লড়াই চলছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার খারকিভ, দোনেৎস্ক এবং খারসনের একাধিক শহরে ইউক্রেনের অবস্থানগুলোতে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।
ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক ওলেহ ঝদানভ বলেন, ২৪ ঘণ্টায় তোরেস্ক এবং স্প্রিন শহরে রুশ সেনাবাহিনীর অগ্রগতি থামিয়ে দিয়েছে কিয়েভ। তোরেস্ক এবং স্প্রিন শহর দিয়ে অগ্রসরের চেষ্টা চালাচ্ছে দখলদাররা। সেখানে আমাদের সেনাদের শক্তি বাড়ানো হয়েছে। শত্রুদের প্রতিহত করছে আমাদের সাহসী যোদ্ধারা।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দোনেৎস্ক, খারসন এবং মাইকোলাইভ অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অগ্রসরের প্রচেষ্টাকে থামিয়ে দিয়েছে রুশ বাহিনী।
- সূত্র: রয়টার্স


