মসজিদুল হারাম ও নববিতে সূর্যগ্রহণের নামাজ অনুষ্ঠিত

মসজিদুল হারাম ও নববিতে সূর্যগ্রহণের নামাজ অনুষ্ঠিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবত্রি মসজিদে নববিসহ সব মসজিদে সূর্যগ্রহণের নামাজ (সালাতুল কুসুফ) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সূর্যগ্রহণ চলাকালে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ নামাজ অনুষ্ঠিত হয়।

পবিত্র মসজিদুল হারামে নামাজে ইমাম ছিলেন শায়খ ড. বান্দার বিন বালিলাহ এবং মসজিদে নববিতে নামাজ পড়িয়েছেন শায়খ আহমদ আল-হুদাইফি। দীর্ঘ নামাজের পর সংক্ষিপ্ত খুতবা দেওয়া হয় যেখানে পবিত্র কোরআন-হাদিসের আলোকে চাঁদ ও সূর্যকে আল্লাহর অন্যতম সৃষ্টি হিসেবে উল্লেখ করা হয়।

সৌদি গেজেটের খবরে জানা যায়, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। হাওতাত সুদাইরে অবস্থিত মাজমাহ ইউনিভার্সিটির জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণকেন্দ্র থেকে আংশিক সূর্যগ্রহণের কিছু ছবি প্রকাশ করা হয়। সিসিডি ক্যামেরায় তোলা ছবিগুলোতে সূর্যের কিছু অংশ চাঁদ দ্বারা আবৃত দেখা যায়।

দশম হিজরিতে মদিনায় সূর্যগ্রহণ হলে রাসুল (সা.) ঘোষণা দিয়ে সাহাবিদের সমবেত করে নামাজ পড়েছেন। আরবিতে সূর্যগ্রহণকে ‘কুসুফ’ বলা হয় এবং চন্দ্রগ্রহণের নামাজকে ‘সালাতুল খুসুফ’ বলা হয়। প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের চেয়ে এ নামাজে কিছুটা ভিন্নতা রয়েছে। এ নামাজের আগে কোনো আজান-ইকামত দেওয়া হয় না। দুই রাকাত বিশিষ্ট এ নামাজে পবিত্র কোরআন তেলাওয়াত এবং রুকু ও সিজদার সময় স্বাভাবিকের চেয়ে অনেক দীর্ঘ হবে।

রাসুল (সা.) বলেছেন, ‘সূর্য ও চন্দ্র আল্লাহর অন্যতম দুটি নিদর্শন। কারো মৃত্যু কিংবা জন্মের জন্য এ ‘গ্রহণ’ হয় না, অতএব তোমরা যখন তা দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করবে, তাকবির বলবে, সালাত আদায় করবে এবং সদকা করবে। ’ (সহিহ বুখারি, হাদিস নং : ১০৪০)

  • সূত্র: সৌদি গেজেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *