১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অ্যামাজন

১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অ্যামাজন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কয়েকদিন আগেই বড় ধরনের কর্মী ছাঁটাই করলো টুইটার ও মেটা। এবার এ তালিকায় যুক্ত হচ্ছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যামাজন। কোম্পানিটির কর্পোরেট ও প্রযুক্তি খাতের প্রায় ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জানা গেছে, এ সপ্তাহেই ছাঁটাই শুরু হতে পারে। আর তা ঘটলে এটি হবে কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।

অ্যামাজন সংশ্লিষ্ট এক ব্যক্তি নিউইয়র্ক টাইমসকে বলেন, “অ্যামাজনের ছাঁটাইয়ের সংখ্যা ঠিক কত হতে পারে, তা সুনির্দিষ্ট করে জানা যায়নি। একবারে ছাঁটাই না করে ধাপে ধাপে করা হতে পারে। তবে প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করার মানে হলো অ্যামাজনের করপোরেট কর্মীদের প্রায় ৩% ছাঁটাই করা। এছাড়া এ সংখ্যা প্রতিষ্ঠানটির মোট বৈশ্বিক জনবলের ১% এর কম কর্মীকে প্রতিনিধিত্ব করে।”

প্রতিষ্ঠানটির বৈশ্বিক জনবলের সংখ্যা ১৫ লাখের বেশি। তারা মূলত ঘণ্টাভিত্তিক কাজ করে থাকে।

সংশ্লিষ্ট ওই সূত্র আরও বলেছে, অ্যামাজনের ভয়েস সার্ভিস অ্যালেক্সাসহ বিভিন্ন ডিভাইস সংস্থা, খুচরা বিপণন বিভাগ এবং মানবসম্পদ বিভাগের ওপর ছাঁটাইয়ের প্রভাব বেশি পড়বে। প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

ভোক্তারা ব্যাপকভাবে অনলাইনে কেনাকাটার দিকে মনোযোগী হওয়ার কারণে করোনাভাইরাস মহামারি চলাকালীন অ্যামাজন মুনাফার দিক থেকে রেকর্ড করেছিল।

গত দুই বছরে অ্যামাজন তাদের জনবল বাড়িয়ে দ্বিগুণ করেছিল। তবে এ বছরের শুরুর দিকে অ্যামাজনের প্রবৃদ্ধির পরিমাণ কমে দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দাঁড়ায়। সবশেষ ত্রৈমাসে আমাজনকে খানিকটা ঘুরে দাঁড়াতে দেখা গেছে। তবে এ প্রবৃদ্ধি আরও কমে যেতে পারে বলে বিনিয়োগকারীদের সতর্ক করেছে অ্যামাজন।

ব্যবসায়িক মডেলে পরিবর্তন এবং অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বিশ্বের প্রযুক্তি শিল্প খাতে ছাঁটাইয়ের প্রবণতা দেখা যাচ্ছে। সম্প্রতি মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর প্রতিষ্ঠানটির কর্মিসংখ্যা অর্ধেকে নামিয়ে এনেছেন।

গত সপ্তাহে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ১১ হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *