শৈত্যপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে

শৈত্যপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বর্তমানে ১০টি জেলা ও দুটি বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার। আগামী দুদিনে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস ও ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *