নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি বিএনপির

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় বর্তমান নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা একটি সিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে না, তারা জাতীয় সংসদ নির্বাচন কীভাবে পরিচালনা করবে? এই নির্বাচন কমিশনের শুধু পদত্যাগ নয়, পুনর্গঠন চাই।

খুলনায় বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মঞ্জুর পরাজয়ের প্রেক্ষাপটে  বৃহস্পতিবার ঢাকায় বিএনপির এক যৌথ সভার পর মির্জা ফখরুল এ বক্তব্য দেন।

গত মঙ্গলবার খুলনা সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী মঞ্জুকে প্রায় ৬৬ হাজার ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। অন্তত একশ কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে অভিযোগ তুলে ভোটের এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন মঞ্জু এবং তার দল বিএনপি।

মির্জা ফখরুল বলেন, খুলনার নির্বাচন আপনারা দেখেছেন। সেই নির্বাচনেও তারা (সরকার) সেখানকার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। পত্র-পত্রিকায় এসেছে, আজকে নতুন কায়দায় নতুন রূপে ভোট ডাকাতি শুরু হয়েছে, ভোট কেন্দ্র দখলের রাজনীতি শুরু হয়েছে।

আওয়ামী লীগের এই সরকারের অধীনে কোনও নির্বাচন যে সুষ্ঠু হতে পারে না, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তা প্রমাণ হয়ে গেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন, বেলাল আহমেদ, জনগোমেজ সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *