পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈমানের নেয়ামতের কদর করার প্রতি আহ্বান জানিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আওলাদে রাসূল মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানীর সুযোগ্য সাহেবজাদা মাওলানা সায়্যিদ হুসাইন আহমদ মাদানী।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর হাজীপাড়া ঝিল মসজিদ কমপ্লক্সে জুমার বয়ানে তিনি এ কথা বলেন।
মাওলানা হুসাইন মাদানী বলেন, ‘আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে আশরাফুল মাখলুকাত (মানুষ) হিসাবে সৃষ্টি করেছেন। সুন্দর ও পরিপূর্ণ গঠন দিয়েছেন। শরীরে কোনো খুঁত রাখেননি। সুন্দর চেহারা দিয়েছেন, শ্রবণের জন্য দুটি কান দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।’
“অধিকন্তু, আল্লাহ তাআলা কেবল আমাদেরকে শুধুই আশরাফুল মাখলুকাত বানান নাই, শুধুই সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেন নাই। এর পাশাপাশি আমাদেরকে ঈমানের নেয়ামত দিয়েছেন। এটা আমাদের উপর আল্লাহ তাআলার সবচে’ বড় নেয়ামত ও মেহেরবানী।
অনেক মানুষকে আল্লাহ তাআলা ঈমানের নেয়ামত দেননি। কিন্তু আমাদেরকে দিয়েছেন। এমনকি আমরা না চাইতেই তিনি এই নেয়ামতে আমাদেরকে ভূষিত করেছেন। এজন্যও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।”
ঈমানের নেয়ামতের কদর করার প্রতি আহ্বান জানিয়ে শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রহ.–এর এই প্রপৌত্র বলেন, ‘আমরা না চাইতেই আল্লাহ তাআলা তাঁর শ্রেষ্ঠ নেয়ামত আমাদেরকে দিয়েছেন। এখন আমাদেরকে এই নেয়ামতের কদর করতে হবে। সর্বাবস্থায় ঈমানকে রক্ষা করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা জন্মসূত্রেই মুসলমান। ঈমান আনার জন্য আমাদেরকে কোনো কষ্ট করতে হয়নি। কোনো পরীক্ষা দিতে হয়নি। এখন আমাদের একমাত্র পরীক্ষা হলো ঈমানকে ধরে রাখা। ঈমানের উপর মৃত্যু বরণ করা।’
ঈমানের সাথে মৃত্যু বরণেই সফলতা নিহিত জানিয়ে মাওলানা হুসাইন মাদানী বলেন, ‘ঈমানের সাথে মৃত্যু বরণ করাই মুমিনের বড় সফলতা। কেননা, ঈমান ছাড়া আখিরাতে একজন ব্যক্তির কোনো মূল্য থাকবে না। ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারলেই আমরা সফল। তাই আসুন, ঈমানের দৌলতকে রক্ষা করি।’
তিনি বলেন, ‘একবার আমার পিতামহ ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.–কে জিজ্ঞাসা করা হলো, আপনার শেষ ইচ্ছা কী? উত্তরে তিনি বললেন, আমি শুধু ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চাই। এ ছাড়া কিছুই চাই না।’

জুমার নামায আদায় শেষে মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী ‘ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ’–এর ‘হিফজ স্পন্সরশীপ প্রোগ্রাম’–এর আওতায় পবিত্র কুরআন শরীফের হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়িপ্রদান অনুষ্ঠানে যোগদান করেন।
শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ–এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ভিত্তিক দাতাসংস্থা ‘মুসলিম ওয়েলফেয়ার ইন্সটিটিউট’–এর প্রধান মাওলানা হানীফ দুধওয়ালা, খ্যাতিমান মুহাদ্দিস ও খলীফায়ে ফিদায়ে মিল্লাত মাওলানা আব্দুল মতীন, শাইখুল হাদীস মাওলানা রশিদ আহমদ মকবুল, জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ, বাংলাদেশ জমিয়তুল উলামার শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ড. মাওলানা হুসাইনুল বান্না–সহ দেশ-বিদেশের বরেণ্য উলামায়ে কেরাম।



