পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সফলতার ধারাবাহিকতায় আমরা স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সৈনিক হবে নতুন প্রজন্ম। তাদেরকে ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে স্মার্ট নাগরিক হিসেব গড়ে তোলার কোনও বিকল্প নেই।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে ঝুমঝুমি প্রকাশন আয়োজিত নিজের লেখা ‘ডিজিটাল সময়ের বর্ণমালা এবং শিক্ষার ডিজিটাল রূপান্তর’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
বিশিষ্ট রাজনীতিবিদ ও বাংলাদেশ আওয়ামী লীগের মুখপত্র মাসিক উত্তরণ সম্পাদক ও প্রকাশক ড. নূহ–উল-আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণ, শিক্ষাবিদ ড. মোহিত উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
মোস্তাফা জব্বার দেশে কম্পিউটারে প্রথম বাংলা পত্রিকা প্রকাশে তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দেড় বছর গবেষণার পর কম্পিউটারের ইংরেজি কি-বোর্ডের ২৬টি বোতামে ৪৫৪টি (বিভিন্ন যুক্তাক্ষরসহ) বাংলা হরফ লেখার পদ্ধতি উদ্ভাবন সম্ভব হয়। দেশে উপযুক্ত প্রোগ্রামার না পেয়ে দিল্লিতে দেবেন্দ্র জুসি নামের একজন প্রোগ্রামারের মাধ্যমে বিজয় বাংলা সফটওয়্যার তৈরির আদ্যোপান্ত বর্ণনা করেন ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার এই প্রবর্তক।
তিনি বলেন, আমি সারা বিশ্বের একজন অনন্য গর্বের গর্বিত মানুষ এজন্য যে, এই মেলার বাংলা বইয়ের অক্ষরগুলো আমি নিজের হাতে ডিজিটাল অক্ষরে রূপান্তর করেছি। হাওরের কাদামাটি পায়ে মাখিয়ে এতোটা সৌভাগ্য অর্জন করা আমার জন্য এক অসাধারণ অর্জন। এক জীবনে একজন মানুষের এর চাইতে আর বেশি কিছু চাওয়ার থাকে না।


