মালিতে আইইডি বিস্ফোরণে ৩ শান্তিরক্ষী নিহত, আহত ৫

মালিতে আইইডি বিস্ফোরণে ৩ শান্তিরক্ষী নিহত, আহত ৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর গাড়িবহরে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে অন্তত তিনজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ জন শান্তিরক্ষী। মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মঙ্গলবার এক টুইট বার্তায় শান্তিরক্ষীদের হতাহতের এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।

২০১২ সাল থেকেই মালির উত্তর ও মধ্যাঞ্চল সন্ত্রাসী হামলায় জর্জরিত। প্রথমে এটি উত্তরাঞ্চলে শুরু হলেও পরবর্তী সময়ে তা দেশের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়ে। সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘাতে এ পর্যন্ত হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। সন্ত্রাসীরা বেসামরিক লোকজন, সৈন্য ও জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা চালাতে আইইডি ব্যবহার করছে।

জাতিসংঘের মতে, ২০১৩ সালে মালিতে শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বিস্ফোরক ডিভাইস দিয়ে কমপক্ষে ৭৪ জন সৈন্য নিহত হয়েছেন। সব মিলিয়ে মারা গেছেন ২৮১ জন শান্তিরক্ষী।

২০১৩ সাল থেকে বাংলাদেশের ফর্মড পুলিশ ইউনিট-১-এর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ২০১৭ সাল থেকে ফর্মড পুলিশ ইউনিট-২ নামের আরেকটি ইউনিট মালির উত্তর অংশের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত অঞ্চলে গুন্দাম এলাকায় দায়িত্ব পালন শুরু করে। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে রওয়ানা দিয়েছে।

দুর্গম ভৌগোলিক অবস্থান, প্রতিকূল আবহাওয়া ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ পুলিশের সদস্যরা সেখানে সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, মালির সশস্ত্র বাহিনী ও শান্তি প্রক্রিয়াটিকে সমর্থন করার জন্য জাতিসংঘ ১৩ হাজারের বেশি শান্তিরক্ষী সদস্য পাঠিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *