বাংলাদেশ থেকে অধিক সংখ্যক জনশক্তি নেবে কাতার

বাংলাদেশ থেকে অধিক সংখ্যক জনশক্তি নেবে কাতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাতারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসি বাংলাদেশি কর্মীদের একনিষ্ঠ অবদানের কথা উল্লেখ করে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানী বাংলাদেশ থেকে অধিক সংখ্যক জনশক্তি নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দেশেটির রাজধানী দোহায় আমিরী দেওয়ানে কাতারে নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম পরিচয়পত্র পেশের পর এক বৈঠকে আলাপকালে তিনি এই আগ্রহ প্রকাশ করেন।

কাতারের আমির রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বাংলাদেশের মানুষের প্রতি তার শুভেচ্ছা জানান। এর পাশাপাশি আমির শেখ তামিম কাতারে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন এবং কাতারের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্কের বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এ সম্পর্ক অধিকতর উচ্চতায় পৌঁছানোর লক্ষ্যে তিনি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম কাতারের আমিরকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। কাতারে বাংলাদেশি প্রবাসীদের দেখাশুনাসহ তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় রাষ্ট্রদূত কাতারের আমিরকে আন্তরিক ধন্যবাদ জানান। কাতারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসি বাংলাদেশি কর্মীদের একনিষ্ঠ অবদানের কথাও রাষ্ট্রদূত উল্লেখ করেন। তিনি আধুনিক ও স্মার্ট কাতার গঠনে ও বিভিন্ন আর্থ-সামাজিক সংস্কারের আমিরের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন। বিশ্বকাপ ফুটবল ২০২২ সফলভাবে আয়োজন করার জন্য তিনি আমিরকে অভিনন্দন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *