মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এই রোজায় মাছ, মাংস, দুধ, ডিমের দাম কোনোভাবেই বাড়বে না। ওই সময় সরকার ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র বসাবে। সাথে সাথে বাজার মনিটরিং করা হবে, তাতে এখন যে দাম, তা অনেকটাই কমে আসবে।
২৫ ফেব্রুয়ারি, শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, রোজার সময় আমরা ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র স্থাপন করব। আশা করি, তখন মাছ, মাংস, দুধ, ডিমের দাম কোনোভাবেই বাড়বে না। দাম সহনীয় পর্যায়ে যেন থাকে সেই ব্যবস্থা নিচ্ছি আমরা।
মাংসের দাম বাড়ার কারণ জানিয়ে মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের খাদ্য বিদেশ থেকে আনতে হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে, ফিডের উপকরণ বিদেশ থেকে আনতে অনেক প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে হচ্ছে। এসবের কারণে খাদ্য উৎপাদনের ব্যয় বেড়েছে। তবে আমাদের দেশে যাতে বিকল্প খাদ্য তৈরি করা যায়, সে জন্য সাভারে নতুন একটা কারখানা স্থাপন করা হয়েছে। কারখানাটি পুরোপুরি চালু হলে খাবারের অজুহাতে উৎপাদনকারীরা দাম বাড়াতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. এমদাদুল হক তালুকদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদ, অতিরিক্ত সচিব মো. আবদুল কাইয়ূম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হকসহ অনেকে।


