পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৯ মার্চ) বেলা ৩টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ৬ষ্ঠ তলায় সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। ওই সমন্বয় সভার সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
সমন্বয় সভায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার ব্যাংক, বিপনী বিতান, শপিংমলসমূহের নিরাপত্তা, সড়ক, রেল ও নৌযান চলাচল এবং যাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা মনিটরিং, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে আলোচনা করা হয়।
সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা, দোকান মালিক সমিতি, বাস-মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, বিজিএমইএ বিকেএমইএ, ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


