পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে মুক্তির প্রত্যাশায় ২.৯ বিলিয়ন ডলারের অর্থঋণ অনুমোদন করেছে। দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
আইএমএফ বোর্ড নিশ্চিত করেছে, ঋণ চুক্তিতে তারা স্বাক্ষর করেছে। যা পরিকল্পিত চার বছরের কর্মসূচি অনুযায়ী দেশের অর্থনীতি উদ্ধারে সক্ষম হবে।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করেছেন, কলম্বোকে অবশ্যই কর সংস্কার এবং দরিদ্রদের জন্য বৃহত্তর সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক ব্যবস্থা চালিয়ে যেতে হবে। দুর্নীতির লাগাম টানতে হবে যা সংকটের জন্য অনেকাংশে দায়ী।
বিবৃতিতে রনিল বিক্রমাসিংহে বলেন, আমি আইএমএফ ও আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা এই ঋণের মাধ্যমে বিচক্ষণ রাজস্ব ব্যবস্থাপনা এবং উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডার মাধ্যমে সংকটগ্রস্ত অর্থনীতিকে উদ্ধার করতে চাই।
২০২২ সালের এপ্রিল মাসে বৈদেশিক ঋণে জর্জরিত শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভের বড় ঘাটতি দেখা দেয়। ফলে দেশটি স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছিল। প্রায় দুই কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটি আমদানির জন্য নগদ অর্থের ঘাটতিতে পড়ে। এতে ব্যাপক সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়।
অর্থনৈতিক অব্যবস্থাপনা, খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতি এবং ভয়াবহ মুদ্রাস্ফীতির জন্য দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। বিক্ষুব্ধ জনগণ প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে এবং গত জুলাই মাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন।


