পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর অভিযানে একজন ফিলিস্তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসরায়েলি সীমান্ত পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের গোপন ইউনিট বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে বেশ কয়েকটি গোলাগুলির ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজন ফিলিস্তিনি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি যে বাড়িতে ছিলেন বাহিনী সেই বাড়িটি ঘিরে ফেলে। ওই ব্যক্তি তাদের দিকে লক্ষ্য করে অস্ত্র ধরার পর তার দিকে গুলি চালানো হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তুলকারেম শহরে ২৫ বছর বয়সী আমির আবু খাদিজেহকে মাথায় গুলি করা হয়েছে। ইসরায়েলের দখলদারি মোকাবেলার জন্য গঠিত ‘তুলকারেম ব্রিগেড’ নামে একটি নতুন দল বলেছে, তিনি দলটির প্রতিষ্ঠাতাদের একজন। তারা এই মৃত্যুকে ‘হত্যা’ বলে অভিহিত করেছে।
বৃহস্পতিবার ফিলিস্তিনি ভূখণ্ডে মুসলিমদের পবিত্র রমজান মাসের প্রথম দিন ছিল। আগের বছরগুলোতেও রমজানে মাঝে মাঝে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ হতে দেখা গেছে, বিশেষ করে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের চারপাশে।
ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা রবিবার শারম আল-শেখ শহরে মার্কিন, মিসরীয় এবং জর্দানের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বৈঠকে সহিংসতা হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক মাসগুলোতে সংঘর্ষের মাত্রা অনেক বেড়ে গেছে। গত এক বছরে ইসরায়েলি বাহিনীর হাতে পশ্চিম তীরে যোদ্ধা এবং বেসামরিক নাগরিকসহ ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে ফিলিস্তিনি হামলায় ৪০ জনেরও বেশি ইসরায়েলি এবং তিনজন ইউক্রেনীয় নিহত হয়েছে।
- সূত্র : রয়টার্স, আরব নিউজ


