ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে ইফতার করলেন এরদোয়ান

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে ইফতার করলেন এরদোয়ান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাহরামানমারাস প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে রমজানের প্রথম দিন কাটিয়েছেন। তিনি সংহতির নিদর্শন হিসেবে তাদের সঙ্গে ইফতারও করেছেন। ২৩ মার্চ, বৃহস্পতিবার তুরস্কে পবিত্র রমজান মাসের প্রথম রোজা পালিত হয়। খবর ডেইলি সাবাহ।

এদিন তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত প্রদেশে ঘর নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন এরদোয়ান। এ সময় তিনি কারাজাসু ডিস্ট্রিকটের কন্টেইনার কমপ্লেক্সে বসবাসকারী ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তিনি বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো পুনর্গঠন না করা পর্যন্ত আমার কোনো বিশ্রাম বা বিরতি নেই।

এরদোয়ান বলেন, ‘ভুলে যাবেন না যে ভাগ করে নেওয়ার মাধ্যমে ব্যথা উপশম হয়। ভূমিকম্প কবলিত এলাকার মানুষের জন্য আমরা রমজান মাসকে সংহতি প্রচারের মাসে পরিণত করতে চাই। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সারা দেশের পৌরসভাগুলো তাদের রমজান কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।’

৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি প্রদেশে ৭.৭ এবং ৭.৬ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ভূমিকম্পের ফলে সৃষ্ট এই ক্ষত সারাতে অঙ্গীকার করেছেন তুর্কি প্রেসিডেন্ট।

এদিকে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘বিশ্বে তুরস্ক ছাড়া আর কোনো দেশ নেই যারা এত অল্প সময়ের মধ্যে একটি বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে পুনর্নির্মাণের পর্যায়ে আসতে পারে। ভয়াবহ এই ভূমিকম্প বিশাল এলাকাজুড়ে মারাত্মক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে।’

এক বছরের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য স্থায়ী বাড়ি নির্মাণ করে হস্তান্তর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *