ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশীহাটা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান বাবু নিখোঁজের দুই মাস ১৭ দিন পর তার লাশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত ১ টার দিকে উপজেলার কেশরগঞ্জ বাজারের একটি ঘরে মাটির নিচ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় তুষার ও আল আমিন নামে তার দুই বন্ধুকে। পুলিশ বলছে ত্রিভুজ প্রেমের কারণেই মেহেদী খুন হতে পারে। পুলিশ জানায়, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে গত ৬ মার্চ দুপুরে মেহেদীর বন্ধু তুষার তাকে ডেকে নিয়ে উপজেলার কেশরগঞ্জ বাজারে একটি গুদাম ঘরে প্রথমে ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে। পরে তার মুখ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে তুষার। এ সময় তাকে সহযোগিতা করে আরেক বন্ধু আল আমিন। হত্যা শেষে ওই ঘরের মেঝেতে গর্ত করে মরদেহ পুতে রাখে দুই বন্ধু। পুলিশ বলছে, তুষার ও আল আমিনকে আটকের পর তাদের তথ্যের ভিত্তিতেই লাশের অবস্থান শনাক্ত করা হয়। এদিকে ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন নিহত মেহেদীর পিতা ও এলাকাবাসী।
_____________
patheo24,/105/sl


