পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের জন্য মানবিক সমন্বয়কারী হিসেবে কাজ করছেন জাতিসংঘের রমিজ আলাকবারভ। তিনি সতর্ক করেছেন, বিশ্ব এই অনিশ্চিত মুহূর্তে আফগানিস্তানের জনগণকে পরিত্যাগ করতে পারে না। গুরুত্বপূর্ণ অর্থায়ন বন্ধ করে আফগান জনগণকে আরও দুর্দিনে না ফেলতে বিশ্বনেতাদের প্রতি অনুরোধ জানান তিনি। আমু টিভি।
আফগানিস্তানে জাতিসংঘ সংস্থায় নারীদের কাজ করা নিষিদ্ধ করার সিদ্ধান্ত ত্রাণ বিতরণের জন্য বিধ্বংসী পরিণতি ডেকে আনবে বলেও আফগান সরকারকে সতর্কতা দিয়েছেন রমিজ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস থেকে শুরু করে একাধিক শীর্ষ কর্মকর্তা আফগান সরকারের সর্বশেষ নারী বিরোধী সিদ্ধান্তের নিন্দা করেছেন। গত বুধবার উপ-জাতিসংঘ প্রধান আমিনা মোহাম্মদ পরিস্থিতি সমাধানের জন্য কাবুল সরকারের প্রতিনিধিদের সঙ্গে জাতিসংঘের আরও বেশি ঘনিষ্ঠ হওয়ার পরামর্শ দিয়েছেন।
এক বিবৃতিতে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) বিশেষ প্রতিনিধি রোজা ওতুনবায়েভা বলেন, কাবুল সরকারের সর্বশেষ সিদ্ধান্ত প্রত্যাহার করতে সম্ভাব্য সর্বোচ্চ স্তরের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নারীর বিরুদ্ধে সিদ্ধান্তটি জাতিসংঘের মৌলিক নীতি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
খবরে বলা হচ্ছে, ২০২৩ সালে রেকর্ড ২৮.৩ মিলিয়ন মানুষের সাহায্যের জন্য প্রয়োজন ৪.৬ বিলিয়ন ডলার। আফগানিস্তানে বর্তমানে বিশ্বের বৃহত্তম মানবিক সাহায্য কার্যক্রম চলমান।
কাবুলের নিযুক্ত জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী বলেন, তালেবানের সর্বশেষ সিদ্ধান্ত প্রত্যাহারে কাবুল সরকারের সঙ্গে আলোচনা চলছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগান জনগণকে মানবিক তহবিল বন্ধ না করার অনুরোধ করছি।
রমিজ আলাকবারভ আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, লাখ লাখ মানুষের জীবন রক্ষাকারী সহায়তা তহবিল বন্ধ হওয়ায় মানবিক পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও গত তিন মাস ধরে কর্মসূচি চালিয়ে যাচ্ছে সাহায্য সংস্থাগুলো।


