পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করার আহ্বান

পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করার আহ্বান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জেরুজালেম ও ঐতিহ্যবিষয়ক ইসরায়েলি মন্ত্রী আমিচাই ইলিয়াহু অধিকৃত পশ্চিম তীরকে ‘যত দ্রুত সম্ভব’ ইসরায়েলের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। উগ্র ডানপন্থী এই মন্ত্রী ইসরায়েলি আর্মি রেডিওতে দেওয়া এক সাক্ষাতকারে এই আহ্বান জানান। খবর দ্য নিউ আরব।

অতি-ডানপন্থী ওটজমা ইয়েহুদি (ইহুদি শক্তি) পার্টির নেতা এবং ইসরায়েলি মন্ত্রী ইলিয়াহু বলেছেন ‘ইসরায়েলের সার্বভৌমত্ব অবশ্যই পশ্চিম তীরের সীমানার মধ্যে প্রসারিত করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বিচক্ষণ উপায়ে, আন্তর্জাতিক স্বীকৃতি তৈরি করতে হবে। এই ভূমি আমাদের।’

তিনি আরও বলেছেন, ‘এখানে কোনো গ্রিন লাইন নেই। এটি একটি কাল্পনিক লাইন যা একটি বিকৃত বাস্তবতা তৈরি করে এবং এটি অবশ্যই মুছে ফেলা উচিত।’

প্রসঙ্গত, গ্রিন লাইন বলতে ১৯৪৯ সালের ফিলিস্তিনের নাকবা বা মহাবিপর্যয়ের পরে ইসরায়েল এবং আরব সেনাবাহিনীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়া সীমানা রেখাকে বোঝায়।

১ আগস্ট, মঙ্গলবার অধিকৃত পূর্ব জেরুজালেমের কাছে মালে আদুমিম বসতিতে ৬ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী আহত হওয়ার পরে এই মন্তব্য করেছেন ইলিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, একজন ফিলিস্তিনি বন্দুকধারী একটি শপিং সেন্টারে লোকজনের ওপর গুলি চালিয়ে আহত করেছেন। পরবর্তীতে ইসরায়েলি পুলিশ গুলি করে তাকে হত্যা করে।

বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টরপন্থী সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রায়ই সমগ্র পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার পক্ষে বক্তব্য দিয়ে থাকেন। তারা ফিলিস্তিনিদের নিয়ে আপত্তিকর মন্তব্যও করেন।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের চাপ সত্ত্বেও, ইসরায়েলি সরকার পশ্চিম তীরে বসতি নির্মাণ এবং সম্প্রসারণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে ইসরায়েল। এই অঞ্চলগুলোতে ইসরায়েলি দখলদারিত্বের আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নেই। কিন্তু আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করেই পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণ অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রায় ৭০ লাখ ইহুদি বসতি স্থাপনকারী সেখানে বাস করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *