ট্রাম্প-কিম বৈঠক : সিঙ্গাপুরে উ. কোরীয় শীর্ষ কর্মকর্তা

ট্রাম্প-কিম বৈঠক : সিঙ্গাপুরে উ. কোরীয় শীর্ষ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রস্তাবিত শীর্ষ বৈঠকের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে, এমন ইঙ্গিত পাওয়া গেছে। গত সোমবার রাতে কিমের শীর্ষ সহযোগী কিম চ্যাং সন সিঙ্গাপুরে গিয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে জাপানি ব্রডকাস্টার এনএইচকে; খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন সোমবার রাতে বেইজিং হয়ে সিঙ্গাপুরে উড়ে আসেন বলে এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে।

সোমবারের একই সময় যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের একটি দলও জাপানে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি ইয়োকোতা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয় বলে জানিয়েছে এনএইচকে। মার্কিন কর্মকর্তাদের এই দলটিতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ফর অপারেশন্স জো হ্যাগিন রয়েছেন।   হোয়াইট হাউস জানিয়েছে, উত্তর কোরীয়দের সঙ্গে সাক্ষাতের জন্য ‘প্রাক-অগ্রবর্তী’ দল সিঙ্গাপুরে গিয়েছে।

এসব প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ট্রাম্প গত সপ্তাহে বৈঠকটি বাতিল ঘোষণা করলেও ঐতিহাসিক এই শীর্ষ বৈঠকের প্রস্তুতি পরিকল্পনামতো এগিয়ে যাচ্ছে।

শীর্ষ বৈঠক সামনে রেখে দুই দেশের কর্মকর্তারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করে বৈঠকের বিস্তারিত খুঁটিনাটি ঠিক করতে ব্যস্ত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সপ্তাহখানেক আগেও কূটনৈতিক টানাপড়েনের মধ্যে গত বৃহস্পতিবার সিঙ্গাপুর বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। আর এর আগে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত চাপ দিচ্ছে অভিযোগ তুলে কিমও সম্মেলন বাতিলের হুমকি দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের ঘোষণার পর উত্তর কোরিয়া সংহতির সুরে বলেছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যে কোনো সময়’ কথা বলতে প্রস্তুত। উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র আবারও মুখোমুখি অবস্থানে চলে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন মধ্যস্থতাকারী ভূমিকা পালনের প্রস্তাব দেন।

গত শনিবার দুই কোরিয়ার শীর্ষ দুই নেতার আকস্মিক বৈঠকে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক ‘অবশ্যই হওয়া দরকার’, কিম-মুনের এমন মনোভাবে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। নিজের আগের অবস্থান থেকে সরে ট্রাম্প ‘যথা সময়ে যথা স্থানে’ কিমের সঙ্গে তার বৈঠক হবে বলে জানান। এরপরই প্রস্তাবিত শীর্ষ বৈঠককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তাদের দল সিঙ্গাপুরে হাজির হতে শুরু করে। ১২ জুন ট্রাম্প-কিম সম্মেলন ঠিকঠাক মত হলে সেটি উত্তর কোরিয়ার কোনো নেতা ও যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম বৈঠক হবে।

সম্মেলনে কী নিয়ে আলোচনা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো প্রকাশ করা হয়নি। তবে কোরীয় উপদ্বীপ পরমাণু অস্ত্র মুক্ত করা এবং উত্তেজনা প্রশমণই মূল আলোচ্য বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে।

 

_Patheo/106/sl

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *