পাথেয় টুয়েন্টিফোর ডটকম: আজারবাইজানের নাগর্নো-কারাবাখের একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ২০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে স্থানীয় আর্মেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় প্রায় ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেক জনের অবস্থা গুরুতর।
স্টেপানাকার্টের প্রধান শহরে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।
জ্বালানির গুদামে বিস্ফোরণের ফলে আহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। অধিকাংশের অবস্থা গুরুতর বা অত্যন্ত গুরুতর।
মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, ঘটনাস্থলে ১৩টি অজ্ঞাত লাশ পাওয়া গেছে এবং হাসপাতালে আরো সাতজনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে আজারবাইজানের নাগর্নো-কারাবাখ দখলের পর থেকে ইয়েরেভানে আর্মেনীয় সরকার যুদ্ধের ফলে গৃহহীনদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করে।
এরপর হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে চলে গেছে।
আর্মেনিয়ান সরকার বলেছে, ১৩ হাজার ৩৫০ শরণার্থী ছিটমহল থেকে দেশটিতে প্রবেশ করেছে। বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চলে প্রায় এক লাখ ২০ হাজার জাতিগত আর্মেনীয়দের বসবাস।
নাগর্নো-কারাবাখ দক্ষিণ ককেশাসের একটি পার্বত্য অঞ্চল।
আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তবে তিন দশক ধরে জাতিগত আর্মেনিয়ানদের দ্বারা নিয়ন্ত্রিত। তবে তাদের মিত্র রাশিয়ার শত শত সৈন্য সেখানে রয়েছে। গত সপ্তাহে আজারবাইজানের সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ২০০ জাতিগত আর্মেনিয়ান এবং কয়েক ডজন আজারবাইজানীয় সৈন্যের পাশাপাশি পাঁচ রুশ শান্তিরক্ষী নিহত হয়েছে।
সূত্র : বিবিসি


