হাতে লেখা বিশ্বের সবচেয়ে বড় কোরআনের অনুলিপির লেখকের ইন্তেকাল

হাতে লেখা বিশ্বের সবচেয়ে বড় কোরআনের অনুলিপির লেখকের ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হাতে লেখা বিশ্বের সবচেয়ে বড় কোরআনের অনুলিপির লেখক সাদ হাশিশ আর নেই। বিশ্বের অন্যতম সেরা এই ক্যালিগ্রাফার গত ৯ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মিশরের ঘারবিয়া গভর্নরেটের মহল্লা সেন্টার জেলার নিজ গ্রামে তার দাফন-কাফন সম্পন্ন হয়েছে। তার বয়স হয়েছিল ৬৫ বছর। খবর গালফ নিউজ।

আর্থিক কারণে নিয়মতান্ত্রিক পড়াশোনা খুব বেশি করতে পারেননি সাদ হাশিশ। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েই লেখাপড়ায় ইতি টানেন তিনি। তবে নিজ চেষ্টায় তিনি হয়ে উঠেন একজন স্বশিক্ষিত ও দক্ষ ক্যালিগ্রাফার। আরবি ক্যালিগ্রাফিশিল্পে তিনি অসামান্য দক্ষতা অর্জন করেন। জানা গেছে, অন্যান্য সৃষ্টিকর্মের পাশাপাশি তিনি তার জীবদ্দশায় পাঁচবার পুরো কোরআন হাতে লিখেছেন।

শুধু তা-ই নয়, বিশ্বের বৃহত্তম হস্তলিখিত কোরআনটিও ছিল তার হাতে লেখা। তার অনন্য কৃতিত্বের স্বাক্ষর দৃষ্টিনন্দন কোরআনের ওই কপিটি ১১০০ মিটার বিস্তৃত। এছাড়াও তিনি কোরআনের আরেকটি অনুলিপি তৈরি করেছিলেন, যার দৈর্ঘ্য ছিল ৭০০ মিটার। একটি প্রকল্পের আওতায় তিনি টানা তিন বছরের বেশি সময় ধরে কোরআনের এই অনুলিপিটি তৈরি করেন।

ক্যালিগ্রাফি দক্ষতার মাধ্যমে তিনি ইসলামী শিল্প ও সংস্কৃতি চর্চায় ব্যাপক অবদান রেখেছেন। এর মাধ্যমে তিনি নিজে যেমন সম্মানিত হয়েছেন, তেমনি তার সম্প্রদায়ও খ্যাতি লাভ করেছে।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্বরা তার জন্য শোক প্রকাশ করেন এবং মহান রাব্বুল আলামিনের কাছে তার জন্য উত্তম ফয়সালা প্রার্থনা করেন। মাত্র ৬৫ বছর বয়সে ইন্তেকাল করলেও তার অসামান্য অবদানের জন্য ইসলামী শিল্পকলায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *