- সাজিদ হোসাইন
সময় খুবই মূল্যবান একটি নেয়ামত। সময় মানুষের জীবনে সাফল্য বয়ে আনে৷ আবার অনেক জীবনের মূল্য ছিনিয়ে নেয়৷ সময় কারো জীবনে বয়ে আনে আনন্দ-সুখ, কারো উপর চাপিয়ে দেয় বোঝা ভরা দুখ৷ সময়ের ব্যবধানে মানুষ কাটায় কৌতূহলী শৈশব, বিলাসী যৌবন, এরপর হতাশ বার্ধক্য। সময় ব্যবহারের পার্থক্যে তৈরী মানুষের বিভিন্ন স্থানের মর্যাদা, বোধ, সম্পদ ও পরিচয়। এই সময়ই মানব জীবনের উত্থান-পতনের মূল কারণ। তাতে সময়ের কিছু আসে যায় না। কারো সাফল্যে তার আনন্দ নেই, পরাজয়ের দুঃখ নেই, তার কোনো বিরতি নেই। সময়ের কোনো তাড়াহুড়োও নেই। সে চলেছে তার আপন গতিতে। চলছে তো চলছেই।
সময়ের গতি এত ধীর যে, তুমি অবসরে বিরক্ত হবে। অপেক্ষায় অস্থির হবে। বিপদে হতাশ হবে৷ সপ্তাহের শুরুতেই সপ্তাহের শেষ দিনের কথা মনে করবে৷ আবার এত দ্রুতগামী যে ঠিক সপ্তাহ শেষে বলবে, সময় কত জলদি ফুরিয়ে যায়!
সময় একইসাথে স্থির ও অস্থির। তার গতি বড্ড ভয়ানক। আজ যে শিশুকে মমতা নিয়ে আদর করছো সে একসময় তোমাকে মমতা নিয়ে যত্ন করবে। আজকে তোমার সময়ের সাথে দাম্ভিকতা, যৌবন বা জীবনের স্বাদ উপভোগ করছো অবহেলায়। আবার এই সময়ই তোমাকে উপহার দিবে অবশ্যম্ভাবী মৃত্যু। যেখানে তোমার ইজ্জত সম্মান, অর্থকড়ি কিছুই নেয়ার সুযোগ নেই। কবরে যাবে শুধু কফনে মোড়া নিথর দেহ। তখন হাজারো আফসোস কোনো কাজে আসবে না। তখন কোনো লাভ নেই। কারণ, সময় শেষ।



1 Comment