পাথেয় টোয়েন্টিফোর ডটকম: আওয়ামী লীগ থেকে আবারও ক্ষমা পেয়েছেন দলের গাজীপুর মহানগরের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
শনিবার (২১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে ক্ষমা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশনের বহিষ্কৃত মেয়র। বর্তমানে এই সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীরের মা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা প্রার্থীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্ৰীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই সূত্রে আপনার প্রতিও ক্ষমা প্রদর্শন করা হল।
উল্লেখ্য, ভবিষ্যতে কোনো প্রকার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।
বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তি এবং নানা রকম বিতর্কিত আপত্তিকর মন্তব্য অভিযোগে ২০২১ সালের ৯ নভেম্বর জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি মেয়রের পদও হারান।
তবে এ বছরের ১ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে জাহাঙ্গীর আলমকে ক্ষমা করা হয়েছে বলে জানানো হয়।
সেবার দলের চিঠিতে বলা হয়, ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাকে ক্ষমা করা হয়েছে। ভবিষ্যতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে বলেও চিঠিতে তাকে সতর্ক করা হয়েছে।
এরপর গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় এ বছরের ১৫ মে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তবে আবারও ক্ষমা পেলেন গাজীপুর আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা।


