পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী রত্নাই সীমান্তের কাটাঁতারের ওপারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নুরুজ্জামান (৩৮) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল রবিবার মধ্য রাতে ভারতের উত্তর দিনাজপুর ইসলামপুর থানার সোনামতি ক্যাম্প এলাকায় এঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারি মেদ্দাপাড়া গ্রামের তসলিম উদ্দীনের ছেলে। বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু ডোঙ্গা জানান, রবিবার মধ্য রাতে নুরুজ্জামানসহ আরো কয়েকজন ভারত থেকে গরু আনতে যায়। ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর ইসলামপুর থানার সোনামতি সীমান্তের ৩৮২ ও ৩৮৩/এস পিলারের মাঝামাঝী এলাকায় পৌছলে সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোঁড়ে।
এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও নুরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ভারতে ময়নাতদন্ত শেষে নুরুজ্জামানের মৃতদেহ সন্ধ্যায় বাংলাদেশে ফেরত দিতে পারে বিএসএফ।
এবিষয়ে জানতে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়কের মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।


