রাশিয়ায় প্রমোদতরী ডুবে নিহত ১০

রাশিয়ায় প্রমোদতরী ডুবে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভোলোগ্রাদ শহরে টাগবোটের সঙ্গে একটি প্রমোদতরীর সংঘর্ষে পানিতে ডুবে ১০ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই ভোলোগ্রাদ শহরেই বিশ্বকাপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাত আনুমানিক ১০টার দিকে জরুরি সেবা বিভাগের কর্মীরা ফোন পায়। ভোলগা নদীর তীর থেকে ১ কিলোমিটার দূরে সন্ধ্যায় টাগবোটের সঙ্গে প্রমোদতরীটির সংঘর্ষ হয়। ওই সময় তরীটিতে ১৬ জন ছিল। এদের সবাই রাশিয়ার নাগরিক।

আঞ্চলিক গভর্নর আন্দ্রেই বচারভ জানিয়েছেন, উদ্ধারকারীরা পাঁচ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, এখনো একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে তৎপরতা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *