আন্তর্জাতিক ডেস্ক : কারো হাতে মোমবাতি, কেউ বা এসেছে পত্রিকার সংস্করণ নিয়ে। অনেকে গিয়েছে চার্চে, কান্না, নীরবতায় তারা একে অন্যের অনুভূতির সঙ্গে মিশে গিয়েছিল। গত শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের অ্যান্নাপোলিশের মূল সড়কে এসব দৃশ্য দেখা যায়। বৃহস্পতিবার স্থানীয় ‘দ্যা ক্যাপিটাল গেজেট’ পত্রিকার নিউজ রুমে সন্ত্রাসী হামলায় নিহত ৫ জনকে স্মরণ করাটাই ছিল সমাবেশের উপলক্ষ। সূর্য ডোবার ৯০ মিনিট আগে তিনশ রাজপথে মোমবাতি প্রজ্বলন করে নিহতদের স্মরণ করেন।
এ সময় ক্যাপিটাল পত্রিকার সাংবাদিক প্যাট ফার্গুসন বলেন, ‘আমরা শক্রু নয়। আমরাই তোমরা।’
বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় পত্রিকার সম্পাদক ও কলামিস্ট রব হিয়াসেন (৫৯), সম্প্রদায় প্রতিবেদক ওয়েন্ডি উইন্টারস (৬৫), সম্পাদকীয় পাতার সম্পাদক জেরাল্ড ফিশ্কম্যান (৬১), ক্রীড়া সম্পাদক ও লেখক জন ম্যানামারা (৫৬) ও বিক্রয় সহকারী রেবেক্কা স্মিথ (৩৪) মারা যান।
ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। আটককৃত জ্যারড ডব্লিউ. রামোস (৩৮)কে আটক করে হাজতে নেয়া হয়। শুক্রবার তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করা হয়েছে। দ্যা ক্যাপিটাল গেজেটের সঙ্গে ওই ব্যক্তির দীর্ঘদিনের সংঘাত ছিল।
অ্যানে অ্যরুন্ডেল কাউন্টি পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা উইলিয়াম ক্রাম্ফ বলেন, ক্যাপিটাল গেজেটের উপর এটা ছিল পরিকল্পিত আক্রমণ। মানুষ হত্যার জন্য এই ব্যক্তি নিজেকে প্রস্তুত করেছিল। ক্ষতি করাটাই তার উদ্দেশ্য ছিল।
এদিকে হামলার ঘটনা সত্ত্বেও পত্রিকা অফিসটি তাদের কাজ অব্যাহত রাখে। শুক্রবার তাদের পত্রিকাও বের হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এদিকে ক্যাপিটাল গেজেটে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


