নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় অভিভাবকের মারধরে এক শিক্ষকের মৃত্যু হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত দেলোয়ার হোসেন দুলাল (৫০) উপজেলার উদয়পুর মিতালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত রোববার রাত ১১টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলমাকান্দা থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, রোববার সকালে উদয়পুর মিতালি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মারুফ আহমেদকে ফি দিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করতে বলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মারুফের বাবা চাঁন মিয়াসহ কয়েকজন বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের ওপর চড়াও হয়। তাদের মারধরে তিনি গুরুতর আহত হন। পরে ওই শিক্ষকের অবস্থার অবণতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। প্রধান শিক্ষকের মৃত্যুতে তার ভাই আলাল উদ্দিন বাদী হয়ে চাঁন মিয়াসহ ১৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আসামিদের ধরার চেষ্টাও চলছে।
এদিকে প্রধান শিক্ষকের মৃত্যুর খবর শুনে সোমবার সকালে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে কলমাকান্দা সদরে বিক্ষোভ মিছিল করেছে।


