পাথেয় রিপোর্ট : গুজরাটের প্রসিদ্ধ আলেম দারুল ফালাহ দারাইন তার্কিসরের সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ কাপোদরাওয়ীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বের আলেমরা। তার মৃত্যুতে দারুল উলুম ওয়াকফ একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মরহুম মাওলানার ইছালে সাওয়াবের ব্যবস্থা করেছে দারুল উলূম দেওবন্দও।
দারুল উলুম ওয়াকফের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ সুফিয়ান কাসেমী ও হুজ্জাতুল ইসলাম একাডেমীর পরিচালক মাওলানা ডক্টর শাকিব কাসেমী আব্দুল্লাহ ইসমাইল প্যাটেলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মাওলানা সুফিয়ান কাসেমী বলেন, আব্দুল্লাহ ইসমাইল প্যাটেল দারুল উলুম ওয়াকফের মজলিসে শুরার রুকন ছিলেন। তার মৃত্যু সংবাদে এ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাই গভীর শোক প্রকাশ করেছে।
মাওলানা কাসেমী বলেন, মাওলানা আব্দুল্লাহর ইন্তেকাল শুধু এ প্রতিষ্ঠানের জন্যই নয় বরং পুরো মুসলিম জাতির জন্যই বেদনা ও অপূরণীয় শূন্যতার। তিনি ভারতের প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য আলেমদের মধ্যে ছিলেন। নিজের জ্ঞান-প্রজ্ঞায় তিনি সমকালীন শীর্ষ আলেমদের অন্তর্ভুক্ত ছিলেন। মরহুম দারুল উলুম দেওবন্দের কৃতী ছাত্রদের অন্যতম ছিলেন। তার নির্দেশনায় এ দেশের বহু প্রতিষ্ঠান দীর্ঘকাল ধরেই চলে আসছিলো।
এছাড়াও দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী মরহুমের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং দারুল উলূম দেওবন্দে বিশেষ দোয়ার ব্যবস্থাও করেছেন।
অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সূত্র : ডেইলি হিন্দুস্তাঁন এক্সপ্রেস, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির


