ঝিনাইদহ প্রতিনিধি ● দেশের গণ্ডি পেরিয়ে সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের ১০ দেশে রপ্তানি হচ্ছে ঝিনাইদহের মিষ্টি পান। লন্ডন ও আমেরিকায়ও কদর রয়েছে এ পানের। শুধু জেলার কালীগঞ্জ ও হরিণাকুণ্ড উপজেলা থেকেই প্রতিদিন প্রায় ১০ ট্রাক সুস্বাদু উন্নত মানের পান ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অফিস জানায়, জেলার ৬টি উপজেলায় প্রায় ১৫ হাজার পানচাষি রয়েছে। আরো দুই লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পান চাষে জড়িত।
ঝিনাইদহের হরিণাকুণ্ড, ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, শৈলকুপা, কোটচাঁদপুর ও মহেশপুর মোট এ ৬টি উপজেলাতেই কমবেশি পানের চাষ হয়। তবে বেশি হয় হরিণাকুণ্ডতে ।
সম্ভাবনাময় পান চাষে সারসহ আধুনিক ও উন্নত প্রযুক্তি নিশ্চিত করতে পারলে বছরে এই খাত থেকে শুধু ঝিনাইদহ জেলায় ৫০ কোটি টাকা টাকা আয় করা সম্ভব বলে জানিয়েছেন পানচাষিরা।
পান ব্যবসায়ীরা জানান, পান মূলত বিক্রি হয় খুব ভোরে। এলাকার পান ব্যবসায়ীরা পান কিনে ট্রাকে চালান দেন ঢাকা ও চট্টগ্রামে। এখানকার পান চট্টগ্রামসহ সিলেট, শ্রীমঙ্গল, লাকসাম, মিয়ার বাজার, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। বিশেষ করে সিলেট অঞ্চলে ঝিনাইদহের পানের কদর অনেক বেশি।
কৃষকদের মতে, ঝিনাইদহে উৎপাদিত পানের বিশেষ বৈশিষ্ট হলো এই পান মিষ্টি এবং খেতে খুবই সুস্বাদু। অন্য অঞ্চলের পানে রয়েছে ঝাঁজ। কৃষকরা জানান, পানচাষে সারসহ আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারলে বছরে এই খাত থেকে পানচাষিরা বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারতেন। তবে পানচাষিদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় নানা সমস্যায় জর্জরিত এ পান চাষের সঙ্গে জড়িতরা।


