সৌদি পৌঁছেছেন পঞ্চাশ হাজারের বেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন পঞ্চাশ হাজারের বেশি হজযাত্রী

পাথেয় রিপোর্ট : মহান আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে পবিত্র হজ পালনের লক্ষ্যে অর্ধ লক্ষাধিক হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে কেউ মক্কায় আবার কেউ মদিনায় অবস্থান করছেন। মঙ্গলবার (২৪ জুলাই) পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৮০ জনসহ মোট ৫০ হাজার ১০৬ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৬৮টি ফ্লাইটসহ মোট ১৩৭টি ফ্লাইট এসব হজযাত্রী পরিবহন করে।

ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে মঙ্গলবার সন্ধায় কাউন্সিলর (হজ) মুহাম্মাদ মাকসুদুর রহমান এবং মৌসুমি হজ অফিসার মো. জহিরুল ইসলাম মক্কার মেডিকেল সেন্টার এবং স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান পদ্ধতি পরিদর্শন করেন। তারা দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের সাথে কথা বলেন এবং অসুস্থ হজযাত্রীদের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় মেডিকেল এবং আইটি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন।

অন্যদিকে মদিনায় নিয়োজিত মৌসুমি হজ অফিসার এ বি এম আমিন উল্লাহ নূরী সরকারি হজ গাইডদের নিয়ে মতবিনিময় সভা করেন। সভায় হজ গাইডদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

আসন্ন হজে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি হজ এজেন্সির মাধ্যমে ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে ২০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *