মাদারীপুর প্রতিনিধি : ফেসবুকের তথ্য ব্যবহারের ক্ষেত্রে যাচাই-বাছাই করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ফেসবুকে প্রচারিত কোনো তথ্যই সংবাদ নয়, এটি আন্তর্জাতিকভাবেই স্বীকৃত।
রোববার দুপুরে মাদারীপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, শনিবার ফেসবুকে গুজব ছড়িয়েছিল যে, ঢাকায় ছাত্রদের আন্দোলনে তিনজন মারা গেছে, পাঁচ জন মারা গেছে। পরে দেখা গেছে তা ঠিক নয়। সাংবাদিকদের প্রথম পদক্ষেপ হলো নিশ্চিত হওয়া। তাই নিশ্চিত না হয়ে কোনও তথ্য ফেসবুক থেকে নিয়ে সাংবাদিকদের প্রকাশ করা উচিত নয়। এ ব্যাপারে কোনও আইন ছিল না। আইনের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করা হবে।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ও আচরণ বিধি সম্পর্কে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সারাদেশের সাংবাদিকদের তালিকাভুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। পেশাগত স্বীকৃতির জন্যই এটি করা দরকার। এছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় সাংবাদিকরা হয়রানি ও নির্যাতনের শিকার হয়। এজন্য রেজুলেশনের মাধ্যমে এই আইন করা হয়েছে। মার্চের ২৮ তারিখে এই আইন পাস হয়। যা আগামী ১৫ দিনের মধ্যে কার্যকর হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, মাদারীপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহজাহান খানসহ অন্যরা। মতবিনিময় সভায় মাদারীপুর জেলার প্রায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।


