শেরপুরে মাঠেই ক্রিকেটারের মৃত্যু

শেরপুরে মাঠেই ক্রিকেটারের মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক : প্রতিদিনের মতো গত মঙ্গলবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন হাসিবুল আলম হিমেল। অনুশীলনের সময় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন উদীয়মান এ ক্রিকেটার।

জানা যায়, অনুশীলনের সময় হঠাৎ প্রচন্ড মাথাব্যথা ও বমি শুরু হলে মাঠ থেকেই চিকিৎসার জন্য হাসিবুলকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে।

সরকারি ভিক্টোরিয়া একাডেমীতে দশম শ্রেণিতে পড়ার পাশাপাশি হাসিবুল শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের হয়ে খেলেন। তার বাড়ি শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া নামাপাড়া গ্রামে। তার বাবার নাম হিরু মিয়া এবং মা হাসনাহেনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। হিমেলের অকাল মৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গন, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। গত বুধবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *