পাথেয় রিপোর্ট : নির্ধারিত সময়ের মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ সম্পাদন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী ও সেক্রেটারী জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন। তারা এক যুক্ত বিবৃতিতে বলেন, ওয়াজিব একটি কোরবানী আদায়ের জন্য কাউকে যেনো আমরা কষ্ট না দিই। যত্রতত্র মল ফেলে রেখে পরিবেশ নষ্ট কোনোভাবেই কাম্য নয়।
যথাসময়ে রাজধানীকে পরিষ্কার করার জন্য সিটি করপোরেশন কতৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই শহর আমাদের। শহরকে সুন্দর করার দায়িত্বও আমাদের। সিটি করপোরেশন ইচ্ছা করলে ঈদে অগণিত পশু কোরবানী হওয়া সত্ত্বেও একদিনেই পরিষ্কার করা সম্ভব। আমরা চাই, সিটি করপোরেশন সেই উদ্যেগে সফল হোক।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগর অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
দেশের সাধারণ সব মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তারা বিবৃতিতে বলেন, ঈদুল আজহা হলো অন্যের প্রতি ভালোবাসা দেখানোর ঈদ। পশু কোরবানির মধ্য দিয়ে আমাদের তাকওয়া অর্জন যেন লাভ হয় আমাদের সে দিকেই লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি।


