গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহত যুবক মাদক ব্যবসায়ী। তার ঘটনাস্থল থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে টঙ্গীর মুদাফা প্রত্যাশার মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত শরীফ (৪০) টঙ্গীর তুরাগ থানা এলাকার বাসিন্দা।
র্যাব ১-এর অধিনায়ক (সিও) সারওয়ার বিন কাশেম জানান, র্যাবের টহল দল ঘটনাস্থলে গেলে কয়েকজন অস্ত্রধারী র্যাব সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শরীফ মারা যান। তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
টঙ্গী থানার ওসি কামাল হোসেন ও এসআই নিতাই বাবু জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


