নিজস্ব প্রতিবেদক ● জাতীয় আইনগত সহায়তা প্রদান আইনের অধীনে সরকারি খরচে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড’র মাধ্যমে ইতোমধ্যে আর্থিকভাবে অস্বচ্ছল, সহায় সম্বলহীন, অসমর্থ বিচারপ্রার্থীর ২৯৮ মামলা উচ্চ আদালতে নিষ্পত্তি হয়েছে। সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও সহকারী এটর্নি জেনারেল এডভোকেট টাইটাস হিল্লোল রেমা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির অফিস উদ্বোধন করা হয়। সেই থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত সময়ে এসব মামলার নিষ্পত্তি হয়। এ সময়ে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিস অস্বচ্ছল বিচারপ্রার্থীর ৫৫৫টি আবেদন গ্রহণ করে। এর মধ্যে ৪৯৭ টি মামলায় লিগ্যাল এইড অফিস থেকে আইনজীবী নিয়োগ দেয়া হয়। এর মধ্যে ২৯৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। মামলায় সহায়তার পাশাপাশি ১২শ’ ৩২ জন বিচারপ্রার্থীকে লিগ্যাল এইড অফিস থেকে মৌখিকভাবে আইনি পরামর্শ দেয়া হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে দেওয়ানী আপিল ৪টি, দেওয়ানী রিভিশন ৯টি, ফৌজদারী আপিল ৫টি, ফৌজদারী রিভিশন ২টি, রিট পিটিশন ২টি, লভ টু আপিল ৭টি ও জেল আপিল ২৬৯টি।
তিনি বলেন, বিচারের দীর্ঘসূত্রিতার ফলে কারাগারে আটক বিচারপ্রার্থীদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিস। সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের তত্ত্বাবধানে ৮৬ জন প্যানেল আইনজীবী নিয়োজিত রয়েছেন।
তিনি জানান, ৫ থেকে ১০ বছর পর্যন্ত মামলা নিষ্পত্তি না হয়েও কারাগারে আটক হাজতীদের তালিকা চেয়ে কারাগারে চিঠি পাঠায় লিগ্যাল এইড কমিটি। পরে আইজি প্রিজন্স কার্যালয় মোট ৪৬২ জনের নামের তালিকা দেয়। এ তালিকার মধ্যে ৫৮ জনের বিষয়ে আদালতের নজরে আনা হলে ১৮ জনকে জামিন দেয় আদালত। বাকী ৪০৪ জনের বিষয় নিয়ে কাজ চলছে।


