পাথেয় রিপোর্ট : ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৪৩টি দেশের হাফেজদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের শিশু শিহাবুল্লাহ। বরাবরের মতই এবার সারা বিশ্বের দরবারের দেশের পতাকা তুলে ধরল শিহাব। যে কোন আন্তর্জাতিক কোরআন প্রতিযােগিতায় বিগত বেশ ক’বছর ধরে বাংলাদেশী হাফেজদের শীর্ষে থাকা যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছ। সে ধারাই অক্ষুন্ন রেখে ইউরোপে এবার বাংলাদেশের মুখ উজ্জ্বল করল শিহাব। শিহাব রাজধানী যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদ্রাসার ছাত্র।
ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সি জানায়, ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের ইসলামিক সেন্টারে বিশ্বনন্দিত এ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৪৩টি দেশের মোট ৭৫ জন্য প্রতিযোগী অংশ নেয়। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তাহফিজুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদ্রাসার ছাত্র শিহাব।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রোয়েশিয়ার বিচারমন্ত্রী ও আন্তঃধর্মীয় সংস্থার প্রধান ড্রাজান বসনিকোভিচ এবং জাগরেবের প্রধান মুফতি আজিজ হাসানভিক। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন অন্যান্য ধর্মীয় ব্যক্তিবৃন্দ, সরকারি কর্মকর্তা ও গণমান্য ব্যক্তিরা।
হিফজুল কোরআন বিভাগে তিন ক্যাটাগরি ও তেলাওয়াত বিভাগে এক ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোাগিতায় অংশগ্রহণকারী নয় বছর বয়সী শিহাবুল্লাহ সাত বছর বয়সে কোরআন হেফজ করা শুরু করে এবং এক বছরেই কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করে বলে জানায় তাদের উস্তাদ ও সহপাঠিরা। সে কুমিল্লা জেলার বরুডার নেয়ামতুল্লাহ মাহবুবের সন্তান।
জাগরেবে শিহাবের সঙ্গে রয়েছেন তার শিক্ষক তাহফিজুল কোরআন ওয়াস্ সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক প্রখ্যাত কারি নাজমুল হাসান। কারি নাজমুল হাসানের সেক্রেটারি হক নেওয়াজ মুরশেদ ফলফলবিষয়ক প্রাথমিক এ সংবাদ জানিয়েছেন।


