পাথেয় টোয়েন্টিফোর : ইন্দোনেশিয়ায় পালু শহরে ভূমিকম্প ও সুনামির আঘাতে প্রায় ৮৩২ জনের মৃত্যু এবং জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে সাধারণ মৃত্যু ও ক্ষতিগ্রস্ত হওয়ায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, ভূমিকম্প ও সুনামি মহান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পরীক্ষা। সহনশীলতা ও ধৈর্যের সঙ্গে একে মোকাবেলা করতে হবে।
বাংলাদেশের গ্র্যান্ড ইমাম ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানিয়ে বলেন, সুনামী আর ভূমিকম্প যা-ই হোক না কেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। আহত মানুষদের চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে হবে। মানুষের জন্যই মানুষ। অসুস্থ ও আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানের অনেক বড় দাবি।
ইন্দোনেশিয়ায় পালু শহরে ভূমিকম্প ও সুনামির আঘাতে প্রায় ৮৩২ জনের মৃত্যু এবং জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হওয়ায় বাংলাদেশের গ্র্যান্ড ইমাম আল্লামা মাসঊদ পয়লা অক্টোবর সোমবার দুপুরে এক বিবৃতিতে এসব কথা বলেন।
প্রসঙ্গত, জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে দুজনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় রোববার রাত আটটার দিকে জাপানের পশ্চিমাঞ্চলের ওসাকা শহরে ঘূর্ণিঝড় ট্রামি আঘাত হানে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ২১৬ কিলোমিটার। ওদিকে ইন্দোনেশিয়ায় পালু শহরে ভূমিকম্প ও সুনামির আঘাতে মৃত মানুষের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত ৮৩২ জনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করা গেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির কথা যতটা ভাবা হয়েছিল, বাস্তবে এর চেয়ে অনেকে বেশি বলে জানিয়েছে সংস্থাটি।


