পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ অক্টোবর রোববার ‘পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণকাজের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার এক তথ্য বিবরণিতে এ খবর জানানো হয়েছে।
এ খবরে বলা হয়েছে, প্রথম পর্যায়ে মাওয়া থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে রেললাইন জাজিরা, শিবচর, ভাঙ্গা জংশন হয়ে বিদ্যমান ভাঙ্গা স্টেশনের সাথে যুক্ত হবে। এতে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলা সংযুক্ত হবে।
প্রধানমন্ত্রী এদিন রেল সংযোগ প্রকল্প ছাড়াও মাওয়া প্রান্তে এক হাজার ৩০০ মিটার নদী তীররক্ষা কাজের উদ্বোধন করবেন। এ ছাড়া ১০ হাজার ৮৪ কোটি টাকা ব্যয়ে ঢাকা-ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণের চলমান কাজের অগ্রগতিও পরিদর্শন করবেন। পরে মাওয়া প্রান্তে সুধী সমাবেশে বক্তব্য দেবেন বলে জানা যায়।
পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। ঢাকা হতে ফরিদপুর, গোপালগঞ্জ, যশোর, খুলনা ও দর্শনার সাথে সংক্ষিপ্ত রুটে উন্নততর রেল যোগাযোগ স্থাপন করা যাবে। এ রুটে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্রডগেজ মালবাহী ও কন্টেইনার ট্রেন চলবে। এটি বাংলাদেশের মধ্যে ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের আরেকটি উপ-রুট হবে। ভবিষ্যতে এ রুটে দ্বিতীয় লাইন নির্মাণ এবং বরিশাল ও পায়রা গভীর সমুদ্র বন্দরকে এই রুটের সাথে সংযুক্তকরণের সুযোগ সৃষ্টি হবে।
জিটুজি পদ্ধতিতে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড নামক চীন সরকারের মনোনীত ঠিকাদার এই প্রকল্পের কাজ করছে। চীনা এক্সিম ব্যাংকের সাথে ২ হাজার ৬৬৭ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো ২৩ কিলোমিটার এলিভেটেড ভায়াডাক্টে ব্যালাস্টবিহীন রেললাইন নির্মাণ প্রবর্তন করা হচ্ছে, যা একটি নতুন প্রযুক্তি। এলিভেটেড ভায়াডাক্টের ওপর ২টি প্ল্যাটফর্ম, ১টি মেইন লাইন ও ২টি লুপ লাইনসহ রেলওয়ে স্টেশন নির্মাণ ও তাতে লিফট স্থাপন করা হবে। প্রায় ১১ মিটার উঁচু রেল লাইনের নিচ দিয়ে সড়কের জন্য আন্ডারপাস নির্মাণের মাধ্যমে উভয় পথে নিরবচ্ছিন্ন ও নিরাপদ ট্রেন এবং গাড়ি চলাচল নিশ্চিত করা হবে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে প্রকল্প এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর ও লৌহজং সার্কেল) কাজী মাকসুদা লিমা জানান, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী শনিবারের পরিবর্তে রোববার আসবেন। তিনি রোববার সকাল ১১টায় আসবেন। এ জন্য মুন্সীগঞ্জ পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা। পুলিশের দেড় হাজার কর্মকর্তা-নিরাপত্তাকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
উল্লেখ্য, রেলপথ মন্ত্রণালয় কর্তৃক পদ্মা সেতুকে সংযুক্ত করার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রথম দিন হতেই পদ্মা সেতুতে ট্রেন চালু করার লক্ষ্য অর্জনের নিমিত্তে “পদ্মা সেতু রেল সংযোগ’’ প্রকল্পের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট (সিএসসি) সেলকে নিয়োগের ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে অনুরোধ করে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর সিএসসি এর নিয়োগের বিষয়ে সার-সংক্ষেপ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) কর্তৃক ৩০ মার্চ ২০১৬ তারিখে সুপারিশ করা হয়, ০৩ মে ২০১৬ তারিখে একনেক সভায় এবং পরবর্তীতে ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি (সিসিজিপি) কর্তৃক অনুমোদিত হয়।


