ফয়জুল্লাহ আমান— এর দুটি কবিতা

ফয়জুল্লাহ আমান— এর দুটি কবিতা

নতুন সময়ের স্বপ্ন

আবর্জনায় ভরে গেছে নব্য শহুরে সভ্যতার অলি গলি
নগরগুলো এখন পরিণত হচ্ছে ভাগাড়ে
এর ভেতর কোথাও কিছু উর্বর মাটি পড়ে আছে-
আছে কিছু ইট সুড়কি
আমরা চেষ্টা করছি একটি নতুন কাঠামো তৈরীর।

প্রেম প্রেম করে পৃথিবীর সব প্রান্ত ঘুরে এলাম
কোথাও আজ সবুজ নেই
কোথাও হৃদয়ের দেখা নেই
ধুসর আঙ্গিনায় দাঁড়িয়ে থেকে ধূলোর আস্তর জমে যায় আমাদের অন্তরে
মস্তিষ্কের অভ্যন্তরে জং ধরে আছে বহুকাল
হৃদপিণ্ডে কতগুলো ব্লক ধরা পড়েছে নিরীক্ষায়।

নতুন জনপদ নির্মাণ করতে হবে এখন
তাজমহলের আকীক ও মার্বেলপাথর এনেছি
খোলা আকাশ থেকে এনেছি শান্তির হিমেল হাওয়া
হৃদয়ে হৃদয়ে জাগিয়ে তুলছি পুরনো দিনগুলোর আকাঙ্খা

আকাশের বিশালতায় সাজাতে হবে ছোট্ট পৃথিবীর নগরসমূহ
এক নতুন সময়ে আমরা দেখব আমাদের আত্মার সৌন্দর্য-
সবখানে রচনা করছে পবিত্রতার মহিমা
নব নব প্রত্যয়ে বিকশিত সুপ্ত সংকল্প।

সূর্যদয়ের সময় পুষ্পমঞ্জরীর সাথে অনেক ধূলিকণাও হবে স্বপ্ন সারথী,
বিমোহিত আত্মার ফুলকলিদল প্রাণে প্রাণে ছড়াবে স্বর্গীয় সুবাস,
আকাঙ্খাগুলো শ্বেত বলাকার মত উড়বে মুক্ত দিগন্তে সবুজ সকাল
আমরা চেষ্টা করছি অন্য এক কাঠামো তৈরীর।

বর্তমান নাগরিকদের চোখের আড়ালে গড়ে উঠবে কিছু স্বপ্ন;
আমাদের বহু প্রত্যাশিত প্রশান্ত নগরীর পরিকল্পিত কল্পনাগুলি।

উদাসী অন্তর্লোক

কষ্ট- সে তো এক জলাশয়;
জল পাড়িয়ে যাবার ছম ছম শব্দ।
স্মৃতিকাতরতা- সে তো জলের ভেতর ডুবে থাকা রাত্রি;

কোথাও কোন ঝগড়া নেই, কোলাহল নেই।
প্রাগৈতিহাসিক কোন জাতির ধ্বংসাবশেষ যেন এই কিছু দিন আগের অতীত।

রাতের নীরবতা কথা বলে
পানি পড়ার অবিরাম আওয়াজে;
ফিসফিস করে কথা বলে মাটি ও ইথার।

আদিকাল থেকে জমানো কথাগুলো উগরে দেয় অন্ধকার রাতের মেঘ;
ঘুর্নিঝড়ের মত ঘুরতে থাকে আমার পুরনো স্মৃতির ঝাপি।

এক শ্যাওলা জমা জলাশয়ে একাকী ডুবে থাকি গভীর রাত নাগাদ;
ওগুলো স্মৃতি নয়;
এখনও হেঁটে বেড়ায় ভূতের মত আমার রক্ত চোখের সামনে দিয়ে।
এক সময় আধারে মিশে গিয়ে মনে হয় আমিও একটি তিমিরাচ্ছন্ন রাত হয়ে গেছি।

এই অবসন্ন বোধ থেকে বেরিয়ে আসতে আমাকে খুঁজতে হবে-
সহস্র আশার একটি প্রখর সূর্যের আলো।
আধারেও আমি সূর্যস্পর্শে শিহরিত হবার মত অনুভব করি কম্পন;

আমাকে আমার ভেতর থাকতে দাও রাত!
কেউ স্পর্শ করবে না আমার উদাসী এ অন্তর্লোক;
আমার মনের নির্জনতা ক্ষুণ্ন হবে না চারপাশের বিদঘুটে কোলাহলে।

আমি সোনালী আলোর এক নতুন ভুলোমন সকাল হব;
অথবা হব সবুজ লতানো গাছের নরম ডালে একটি ছোট্ট পাতার হৃদকম্পন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *