ব্যারিস্টার মইনুল হোসেন আদালতে

ব্যারিস্টার মইনুল হোসেন আদালতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আদালতে হাজির করা হয়েছে ব্যারিস্টার মইনুল হোসেনকে। রংপুরে মানবাধিকার কর্মী মিলি মায়ার দায়ের করা ১০ কোটি টাকার মানহানির মামলায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতা গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনকে মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে আদালতে হাজির করা হয়েছে। ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তার বিরুদ্ধে মামলার শুনানি চলছে।

২২ অক্টোবর সেমাবার রাতে রাজধানীর উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সোমবার (২২ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে রংপুরে দায়ের করা মানহানির একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাকে হস্তান্তর করা হয় বলে জানিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপকমিশনার মশিউর রহমান

প্রসঙ্গত, ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের এক অনুষ্ঠানে আলোচক ছিলেন সাংবাদিক মাসুদা ভাট্টি ও সাখাওয়াত সায়ন্ত। একপর্যায়ে লাইভে যুক্ত হন আইনজীবী মইনুল হোসেন। এ সময় মইনুলের কাছে মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচনা চলছে, আপনি সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে এসে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন কি না?’ মইনুল হোসেন এ প্রশ্নের জবাবে একপর্যায়ে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন।

সোমবার রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তার আদালতে মামলা করলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রংপুরের পাবলিক প্রসিকিউটর আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, ব্যারিস্টার মইনুল হোসেন টেলিভিশন টকশো-উপস্থাপিকা মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে আখ্যায়িত করায় দেশের সব নারীকে অপমান করেছেন। নারী সমাজকে হেয়প্রতিপন্ন করে মানহানি করা হয়েছে।

তিনি এজন্য সংক্ষুব্ধ হয়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদালতে বিচার প্রার্থনা করে অভিযুক্ত ব্যারিস্টার মইনুল হোসেনের শাস্তি দাবি করেন।

রবিবার ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন মাসুদা ভাট্টি। এরপর দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। তবে মাসুদা ভাট্টি ও জামালপুরের মামলায় তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। কুড়িগ্রামে দায়ের করা মামলায় আগাম জামিনের জন্য আবেদন করেন। এর বাইরেও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *