পাথেয় রিপোর্ট : জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে জিতলো বাংলাদেশ। ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে ২১৮ রানে হারিয়েছে টাইগাররা। জয়ের জন্য ৪৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আজ টেস্টের পঞ্চম দিন পর্যন্ত টিকে ছিলো জিম্বাবুয়ে। কিন্ত দ্বিতীয় সেশনের মধ্যেই জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়েছে মিরাজ, তাইজুলরা। তাদের স্পিস ঘূর্ণিতে নাজেহাল জিম্বাবুয়ে গুটিয়ে যায় ২২৪ রানে। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১–১ সমতা এনেছে বাংলাদেশ।
লক্ষ্য ছিল ৪৪৩। জিততে হলে চতুর্থ ইনিংসে রান তাড়ার বিশ্বরেকর্ড গড়তে হতো জিম্বাবুয়েকে। টেস্টে সর্বোচ্চ ৪১৮ রানের টার্গেট তাড়া করে জয়ের কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু কিসের কী? এর ধারেকাছেও যেতে পারল না রোডেশিয়ানরা। ২২৪ রানেই গুটিয়ে গেল তারা।
বড় লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের পক্ষে একাই লড়লেন ব্রেন্ডন টেলর। বাংলাদেশের বিপক্ষে এটি তাঁর দ্বিতীয় জোড়া সেঞ্চুরি। বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। ৩৮ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া তাইজুল ইসলাম ৯৩ রানে ২টি আর মোস্তাফিজুর রহমান ১৯ রানে ১ উইকেট তুলে নিয়েছেন।
২০১৭ সালের আগস্টে ঢাকায় অস্ট্রেলিয়াকে হারানোর পর এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। আজকের জয় টেস্টে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়।
এই টেস্টে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন ১৮ উইকেটি শিকারি তাইজুল ইসলাম।


