নিজস্ব প্রতিবেদক ● এখানে আয়োজিত এক আলোচনায় বক্তারা বলেছেন, সড়ক দুর্ঘটনা হ্রাসে কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগ ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি।মঙ্গলবার নগরীতে র্যালি-পরবর্তী এক আলোচনায় বক্তারা একথা বলেন। নগরীর নানকিং দরবার হলে ‘সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম।
এতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার আমির জাফর ও এসপি মোয়াজ্জেম হোসেন ভূইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশে প্রতিবছর প্রায় ৫ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৪ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং অনেক মানুষ আহত হয়।
তারা জানান, এসব দুর্ঘটনায় ৫ হাজার কোটি টাকারও বেশি সম্পদ বিনষ্ট হয়, যা দেশের মোট জিডিপি’র দুই শতাংশ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী সার্কেল ও জেলা প্রশাসক কার্যালয় যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, মানবাধিকার কর্মী, সড়ক পরিবহন শ্রমিক নেতা ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধিসহ প্রায় তিনশ’ ব্যক্তি যোগ দেন।


