পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পৃথিবীর একেক দেশের পাসপোর্টের রঙ একেক রকম৷ কখনো ভেবেছেন কি? কেন পাসপোর্টের রঙ এত বৈচিত্র্য? জানতে হরে পড়ুন-
কত রঙের পাসপোর্ট?
সাধারণত লাল, সবুজ, নীল আর কালো– এই চারটি রঙেই হতে পারে পাসপোর্ট৷ কিন্তু লালের মধ্যেও যে অনেক বৈচিত্র্য থাকতে পারে, তা অনেকেরই অজানা৷ প্রতিটি দেশ তার পছন্দমতো লাল বা নীল ইত্যাদি রঙের শেড নির্বাচন করতে পারে৷
আসলে নিয়মটা ঠিক কী?
নির্দিষ্ট রঙ নিয়ে আন্তর্জাতিক কোনো আইন না থাকলেও পাসপোর্টের আকার নিয়ে রয়েছে বাঁধা নিয়ম৷ কীভাবে লেখা থাকবে পাসপোর্টের ভেতরের জরুরি তথ্য, তা নিয়েও রয়েছে কিছু বিশেষ নিয়ম৷ কিন্তু রঙ কেমন হবে, সে বিষয়ে রয়েছে নির্দিষ্ট রাষ্ট্রের পূর্ণ স্বাধীনতা৷
ইউরোপে ‘লাল’। জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড ও নেদারল্যান্ডসসহ ইউরোপের বেশ কয়েকটি দেশেরই পাসপোর্ট লাল রঙের৷ সব মিলিয়ে পৃথিবীর ৬৮টি দেশের রয়েছে লাল রঙের পাসপোর্ট৷ তবে সেই লালের মধ্যেও রয়েছে নানা শেড৷
বাংলাদেশের ‘সবুজ’। বাংলাদেশসহ মোট ৪৩টি দেশের রয়েছে সবুজ পাসপোর্ট৷ দেখা গেছে, বেশির ভাগ দেশের পাসপোর্টের রঙ সবুজ, কারণ, সেই দেশগুলির সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম৷ ইসলামে সবুজ রঙ পবিত্র মানা হয় বলেই পাকিস্তান, ইন্দোনেশিয়ার মতো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলির পাসপোর্টের রঙ সবুজ৷
ভারতের ‘নীল’। অনেকেই নীল রঙের সাথে উন্নয়নকে মেলান৷ সে কারণেই হয়ত বিশ্বের ৭৮টি দেশের পাসপোর্ট নীল রঙের৷ ফিজি বা আফগানিস্তানের পাসপোর্ট হালকা নীল রঙের, অন্যদিকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের গাঢ় নীল রঙের পাসপোর্ট৷
কালো পাসপোর্ট যেখানে… এক সময় যুক্তরাজ্যের পাসপোর্টের রঙ ছিল কালো৷ তবে বর্তমানে তা লাল৷ পৃথিবীতে কেবল হাতেগোনা কয়েকটি দেশেরই রয়েছে কালো পাসপোর্ট, যার বেশির ভাগই আফ্রিকা মহাদেশের৷
কত রঙ বদলায়… যেমন খুশি রঙবদলের ভালো উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট৷ গোড়ার দিকে মার্কিন পাসপোর্ট লাল রঙা হলেও পরে ১৯৩০ সালে তা সবুজ রঙের হয়৷ পরে ১৯৭০ সালে, সবুজ বদলে পাসপোর্টের রঙ হয় গাঢ় নীল, অনেকটা ভারতের পাসপোর্টের মতোই৷
এক দেশেই একাধিক রঙ! একই সময়ে একটি দেশের হতে পারে একাধিক রঙের পাসপোর্ট, এমনও উদাহরণ রয়েছে৷ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে একাধিক রঙের পাসপোর্টের চল৷ সাধারণ নাগরিকের পাসপোর্ট নীল রঙের হলেও ডিপ্লোম্যাট বা কূটনীতিকদের পাসপোর্ট সেখানে কালো রঙের৷
ভারত-বাংলাদেশেও তিন রঙা পাসপোর্ট! সাধারণ ভারতীয় নাগরিকের জন্য নীল ও বাংলাদেশি নাগরিকের জন্য বরাদ্দ সবুজ পাসপোর্ট৷ দুই দেশেরই কূটনৈতিক পাসপোর্টের রঙ লাল, কিন্তু বিশেষ কিছু সরকারী প্রতিনিধির জন্য ভারতে সাদা ও বাংলাদেশে নীল রঙের পাসপোর্ট আছে৷
ব্রেক্সিটের পর… যুক্তরাজ্যের পাসপোর্টের রঙ বর্তমানে ইউরোপের অন্যান্য দেশের মতো লাল হলেও শোনা যাচ্ছে ‘ব্রেক্সিট’-এর পর হয়ত তা বদলে মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারতের মতো গাঢ় নীলরঙা করা হতে পারে৷


