পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরামে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ১০ জন সাবেক সেনা কর্মকর্তা। ১৯ নভেম্বর সোমবার বিকেলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে গিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
যোগ দেওয়া কর্মকর্তারা হলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবর, শেখ আকরাম আলী, মোহাম্মদ শহিদুল্লাহ, এএফএম নুরুদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর মাসুদুল হাসান, মো. এমরান, মো. বদরুল আলম সিদ্দিকী।
এদিকে যোগ দেওয়া বিমান বাহিনীর কর্মকর্তারা হলেন, অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ফোরকান আলম খান, মো. হাবিব উল্লাহ ও মো. মাহমুদ।
সোমবার বিকালে মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে সাবেক এ সামরিক কর্মকর্তারা গণফোরামে যোগ দিলেন। গণফোরাম সভাপতি কামাল হোসেন বিএনপিকে নিয়ে জোট বেঁধে এ নির্বাচনে অংশ নিচ্ছেন।
সুব্রত চৌধুরী সাবেক এই সেনা কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এ যোগদানের মধ্য দিয়ে রাজনীতিতে আপনাদের নতুন যাত্রা শুরু হলো। আমরা এক সঙ্গে কাজ করব, দেশের কাজ করব।’ ‘৩০ ডিসেম্বর জাতির জন্য একটি চ্যালেঞ্জের দিন। সেই দিনে দেশে আমরা শুভ পরিবর্তনের লক্ষ্যে নির্বাচনে যাচ্ছি জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে। আজ যাঁরা যোগদান করলেন, তাঁরা এ লড়াইয়ে অবতীর্ণ হবেন।’
এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ, মঞ্জুরুল ইসলাম পথিক ও জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামিম। জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক দল বিএনপি। গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্য এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া নবগঠিত এই জোটের শরিক।


