ক্রীড়া ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে ৩২৪ রানে অল-আউট হয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ঘণ্টা কাটাতে পারল না বাংলাদেশ। স্কোরবোর্ডে ৯ রান যোগ হতেই হারাতে হলো শেষ দুই উইকেট।
প্রথম দিনশেষে অপরাজিত দুই ব্যাটসম্যানের মধ্যে ২৬ রান করে আউট হলেন নাঈম হাসান। নাঈম ফেরার পর উইকেটে আসেন মোস্তাফিজুর রহমান। পরের বলেই তার বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন হয়। যেহেতু শেষ উইকেট, রিভিউ নিয়ে নেন মোস্তাফিজ। রিভিউটা জিতেও যান। পরের বলটা ডিফেন্স করতে পারলেও ওভারের চতুর্থ বলে আবারও বিপদ মোস্তাফিজের। পায়ে বল লাগার পর এলবিডব্লিউয়ের আবেদনে আবারও আঙুল তুলে দেন আম্পায়ার, এবারও রিভিউ। তবে শেষ রক্ষা হয়নি মোস্তাফিজের। রিভিউয়ে দেখা যায় পরিষ্কার এলবিডব্লিউ হয়েছেন তিনি, রানের খাতা খোলার আগেই। অপরপ্রান্তে দাঁড়িয়ে তাইজুলের এমন দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরির খুব কাছে চলে আসা এই ব্যাটসম্যান অপরাজিত থেকে যান ৩৯ রানেই। ৬৮ বলের ইনিংসটিতে ৪টি চার আর ১টি ছক্কা হাঁকান তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনশেষে টাইগারদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩১৫ রান। এদিন টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকান মুমিনুল হক। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়ে নিজের রেকর্ডের খাতাকে আরো সমৃদ্ধ করলেন সাগর পাড়ের ছেলে মুমিনুল হক। ঢাকা টেস্টের মতো চট্টগ্রাম টেস্টেও রঙিন মুমিনুল হকের ব্যাট। স্রোতের প্রতিকূলে ব্যাট করতে নেমে তুলে নিলেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। আর এই সেঞ্চুরির মধ্যে দিয়ে দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে ছুঁলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন আরো দ্রুত। মুমিনুল কথা বলে না কথা বলে তার ব্যাট।
১৩৭ বলে ৯ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নেওয়ার পর তিনি থামেন ১২০ রানে। এরপরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। এর আগে মুমিনুল হকের ১২০ রানের দুর্দান্ত এক ইনিংসে ভর করে একটা সময় ৩ উইকেটে ২২২ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। শেনন গ্যাব্রিয়েলের বিধ্বংসী এক স্পেলে সেখান থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগাদের ইনিংস।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শেই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শেন ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ।


