পাথেয় রিপোর্ট : আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
০২ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান তার মনোনয়ন বাতিল করেন।
জানা গেছে, বিভিন্ন মামলায় সাজা পাওয়ায় খালেদা জিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। গত ২৮ নভেম্বর ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, আবদুল লতিফ জনি, মো. আবু তালেব।
এসময় খালেদা জিয়ার পরিবারের সদস্য মো. শাহজাহান মজুমদার এবং ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে ০২ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টার পর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। ৩০০ আসনে প্রার্থী হতে আগ্রহী ৩ হাজার ৬৫ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। বাছাই শেষে জানা যাবে যোগ্য প্রার্থীদের তালিকা।
তবে বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এই পর্বের পর ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। এর পর আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
এর আগে ২৬ নভেম্বর ফেনী-১ আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেয়া হয়। পরে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া নিয়ে অনিশ্চয়তার কারণে পরদিন এ আসনে দলের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুকে চিঠি দেয়া হয়েছে।


